মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের পরিচিত অভিনেত্রী প্রিয়া বাপট অভিনয়জীবনের শুরুর দিকে ঘটে যাওয়া এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, একটি সিনেমার শুটিংয়ের সময় এক সহ-অভিনেতার আচরণ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়া বলেন, ঘটনাটি তাঁর ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের। ছবিতে একটি চুম্বনের দৃশ্য ছিল, যা নিয়ে শুরু থেকেই তাঁর আপত্তি ছিল। তিনি পরিচালকের কাছে বারবার জানতে চেয়েছিলেন, দৃশ্যটি গল্পের জন্য কতটা প্রয়োজনীয়।
তবে পরিচালকের অনুরোধে শেষ পর্যন্ত তিনি দৃশ্যটি করতে রাজি হন। কিন্তু শুটিং চলাকালে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে বলে দাবি করেন অভিনেত্রী।
প্রিয়ার ভাষ্য, একটি গানের দৃশ্য ধারণের সময় সহ-অভিনেতা পূর্বনির্ধারিত অভিনয়ের বাইরে গিয়ে বারবার অতিরিক্ত শারীরিক ঘনিষ্ঠতা দেখানোর চেষ্টা করেন। সে সময় কীভাবে প্রতিবাদ করতে হবে বা পরিস্থিতি সামাল দিতে হবে, তা তিনি বুঝতে পারেননি।
অভিনেত্রীর অভিযোগ, বিষয়টি শুধু শুটিং সেটেই সীমাবদ্ধ ছিল না। শুটিং চলাকালে একই হোটেলে অবস্থান করার সময় সহ-অভিনেতা বারবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। বিভিন্ন সময়ে সাঁতার শেখানো, একসঙ্গে খাবার খাওয়া কিংবা দেখা করার প্রস্তাব দিলেও তিনি সেগুলো প্রত্যাখ্যান করেন।
প্রিয়া বলেন, জীবনে এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হননি তিনি। ফলে বিষয়টি তাঁকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছিল।
এ সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন স্বামী Umesh Kamat। প্রিয়া জানান, শুটিং চলাকালে তিনি প্রতিদিন স্বামীকে সবকিছু জানাতেন। পরিস্থিতি বুঝতে পেরে উমেশ মুম্বাই থেকে ভোপালে গিয়ে কয়েক দিন তাঁর পাশে ছিলেন।
ঘটনার কথা স্মরণ করে প্রিয়া বলেন, দীর্ঘ অভিনয়জীবনে এটিই ছিল একমাত্র ঘটনা, যেখানে তাঁকে এমন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
বর্তমানে নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন Priya Bapat। শিগগিরই তাঁকে মনস্তাত্ত্বিক ঘরানার চলচ্চিত্র Daalimb: The Myth-এ দেখা যাবে।