সাক্ষাৎকারের মাঝপথে কেন রেগেমেগে চলে গেলেন ট্রাম্প

Date: 2026-06-08
news-banner

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট Donald Trump এবং উপস্থাপক Kristen Welker-এর মধ্যে তীব্র বাক্যবিতণ্ডা দেখা গেছে। কড়া প্রশ্নের মুখে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সাক্ষাৎকার ছেড়ে উঠে যান ট্রাম্প—এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যমটি।

‘সানডে’স মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ক্যালিফোর্নিয়ার প্রাইমারি নির্বাচনকে ‘কারচুপিতে ভরা’ বলে দাবি করেন। তবে এসব দাবির পক্ষে প্রমাণ চাইলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার বারবার ট্রাম্পের বক্তব্যের ভিত্তি সম্পর্কে জানতে চান এবং প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান। জবাবে ট্রাম্প বলেন, তিনি “যা দেখেন ও শোনেন” সেটিই বিবেচনা করেন।

ওয়েলকার পাল্টা বলেন, এটি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। এরপর সাক্ষাৎকারে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প একপর্যায়ে সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে মন্তব্য করেন।

কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, “আপনি হয় অসৎ, নয়তো নির্বোধ,” এবং এরপর সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, “চলুন, এখানেই শেষ করি। যথেষ্ট হয়েছে।” এরপর তিনি সাক্ষাৎকারের স্থান ত্যাগ করেন বলে এনবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সাক্ষাৎকারে ইরান পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নীতি এবং ‘অ্যান্টি–ওয়েপনাইজেশন’ নামে একটি প্রস্তাবিত তহবিল নিয়েও আলোচনা হয়। তবে মূল উত্তেজনা তৈরি হয় নির্বাচনী কারচুপির অভিযোগ ঘিরে।

এই ধরনের অভিযোগ ট্রাম্প দীর্ঘদিন ধরে করে আসছেন, যা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি কিছু রিপাবলিকানও এসব দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চেয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Leave Your Comments