ফরিদপুরে বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১১

Date: 2026-06-09
news-banner

নিজস্ব প্রতিনিধি : 

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কনেপক্ষ ও আমন্ত্রিত গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া নয়াকান্দি গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশনের সময় কয়েকজন গ্রামবাসী গরুর মাংস কম দেওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে আরিফ মিয়া, শহীদ মাতুব্বর, সোহরাব মাতুব্বর ও মমতাজ বেগমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর জানান, মাংস কম দেওয়ার অভিযোগের পাশাপাশি এলাকার পুরোনো আধিপত্য বিস্তার নিয়ে বিরোধও সংঘর্ষের কারণ হতে পারে। তবে এ ঘটনায় বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কোনো বিরোধ ছিল না। পরে বরপক্ষ মেয়ের বাড়িতে এসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

কনের বাবা লাভলু শেখ অভিযোগ করেন, স্থানীয় গ্রাম্য কোন্দলের জেরে তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, “এটি আমাদের পরিবারের আনন্দের দিন ছিল। কিন্তু কিছু লোক পরিকল্পিতভাবে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করেছে।”

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মাংস কম দেওয়া নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

Leave Your Comments