নিজস্ব প্রতিনিধি :
মাদারীপুর সদর থানায় আনা দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও ৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে শহরের বাদামতলা এলাকার সবুজ ও নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, সবুজ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ চৌকিদারকে আটকের কারণ জানতে চাইলে স্থানীয়রা তার নামে থাকা ওয়ারেন্ট দেখতে চান। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ আটক দুজনকে সদর থানায় নিয়ে আসে। এ সময় পুলিশের পিকআপ ভ্যানে স্বেচ্ছায় আরও ৪-৫ জন যুবক উঠে বসেন।
পুলিশ জানায়, থানায় আনার পথে ও পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮) ও সাহেব বেপারী (১৭)। তাদের সবার বাড়ি নতুন মাদারীপুর এলাকায়।
এদিকে দুই আসামিকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে তাদের স্বজন ও সমর্থকরা সদর থানার সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পুরো থানা এলাকায় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়।