পদোন্নতির পর জন্মভূমি শিবচরে এডিশনাল আইজিপি রেজাউল করিম মল্লিকের আগমন

Date: 2026-06-10
news-banner


মো: ইমাম হাসান, শিবচর উপজেলা প্রতিনিধি: 

বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি পদে পদোন্নতি লাভের পর নিজ জন্মভূমি শিবচরে আগমন করেছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও শিবচরের গর্বিত সন্তান জনাব রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার সকাল ৯টায় তিনি নিজ বাসভবনে পৌঁছে সর্বপ্রথম মরহুম পিতার কবর জিয়ারত করেন। এ সময় তিনি পিতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে তিনি শিবচর থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের জনগণের সেবায় আরও আন্তরিক, মানবিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শিবচর সফরকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ সৃষ্টি হয়। অনেকেই তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শিবচরের কৃতি সন্তান রেজাউল করিম মল্লিকের এডিশনাল আইজিপি পদে পদোন্নতি এলাকাবাসীর জন্য গর্বের। তাঁর এই সাফল্যে শিবচরবাসী আনন্দ ও গৌরব প্রকাশ করেছেন।

Leave Your Comments