লামা প্রতিনিধি :
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যা হাসপাতাল হিসেবে উন্নীতকরণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজ ৯ জুন ২০২৬ (সোমবার) দুপুরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রতিনিধিদল হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা অবকাঠামোগত সক্ষমতা, স্থাপনা, চিকিৎসা সেবার বর্তমান পরিস্থিতি এবং প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন বলে জানা যায়।
বিশেষ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই লামা উপজেলায় উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে। লামা উপজেলা সাস্থ কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হলে এখানে রোগী ভর্তি, জরুরি চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং বিশেষায়িত চিকিৎসা সুবিধা আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তাঁর টিমের ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা। তাদের সক্রিয় উদ্যোগ ও সমন্বয়ের ফলেই প্রকল্পটি এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয় জনগণ দ্রুত ও কার্যকরভাবে প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানিয়ে বলছেন, এটি বাস্তবায়িত হলে পার্বত্য লামা উপজেলার স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।