নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহে লাইনচ্যুত একটি ট্রেন উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে পরপর দুটি দুর্ঘটনার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এসব ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকাল ৯টা ১২ মিনিটের দিকে ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়। এতে জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ময়মনসিংহ লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। কিন্তু সকাল ১০টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনের আগে কৃষ্টপুর এলাকায় উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়।
দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয় এবং রেল যোগাযোগে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর সামনের নয়টি বগি নিয়ে ট্রেনটি স্টেশনে পৌঁছে যায়। পরে পেছনে আটকে থাকা অংশ উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন পাঠানো হলে সেটিও লাইনচ্যুত হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।