ব্যাংকঋণ নিয়ে আর্জেন্টিনার ভক্ত উড়িয়েছেন পতাকা, রাঙিয়েছেন নিজের ভ্যানগাড়ি

Date: 2026-06-10
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিজের ভ্যানগাড়িকে আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছেন সুমন গৌড় (৩৫)। শুধু তাই নয়, ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনেছেন আর্জেন্টিনার জার্সি, মিলিয়ে লুঙ্গি এবং এলাকায় টানিয়েছেন বড় আকারের ১৬টি আর্জেন্টিনার পতাকা। তাঁর এমন কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর কাছে তিনি এখন ‘সুমন মেসি’ নামেই বেশি পরিচিত।

ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী সুমন পেশায় একজন ভ্যানচালক। ভ্যান চালিয়ে উপার্জিত অর্থেই চলে তাঁর সংসার। কিন্তু বিশ্বকাপ ফুটবল এলেই আর্জেন্টিনার প্রতি তাঁর আবেগ যেন নতুন মাত্রা পায়।

পরিবার সূত্রে জানা যায়, এক ছেলে ও এক মেয়ের জনক সুমন। মেয়ের বিয়ে দিয়েছেন, আর ১২ বছর বয়সী ছেলে বর্তমানে ঢাকায় বোনের সঙ্গে থাকে। সম্প্রতি বিশ্বকাপ উপলক্ষে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করেছেন প্রিয় দলের প্রচারণা।

সুমনের স্ত্রী আরতি গৌড় বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীর এমন পাগলামি দেখে আসছি। সংসারে অভাব-অনটন থাকলেও ফুটবল খেলা আসলে তিনি আর কিছু মানেন না। সপ্তাহে সাড়ে চার হাজার টাকা কিস্তি দিতে হয়। অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ এলেই কাজকর্ম বাদ দিয়ে পতাকা টানানো আর খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর্জেন্টিনা জিতলে মানুষকে বিরিয়ানি রান্না করে খাওয়ায়। সংসারের ক্ষতি হলেও তাকে বোঝানো যায় না।’

এ বিষয়ে সুমন গৌড় বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা ও মেসি আমার আবেগ। সেই ভালোবাসা থেকেই ভ্যানগাড়ি সাজিয়েছি এবং এলাকায় পতাকা টানিয়েছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব করেছি। দলকে ভালোবাসি বলেই এত কিছু করছি।’

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল বলেন, ‘সুমন আর্জেন্টিনার অন্ধ ভক্ত। আমরা অনেকবার বুঝিয়েছি ঋণ করে এসব না করতে। কিন্তু সে কারও কথা শোনে না। নিজের ঘরে অভাব থাকলেও দলকে ভালোবেসে সবকিছু করছে।’

আর্জেন্টিনার প্রতি অদম্য ভালোবাসা ও ব্যতিক্রমী সমর্থনের কারণে ‘সুমন মেসি’ এখন ঈশ্বরগঞ্জজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

Leave Your Comments