ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসেছেন। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।
ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী তাঁর স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বেনাপোল থেকে সড়কপথে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে ঢাকায় পাঠালো ভারত।
তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে ভারতের তৎকালীন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী করোনা মহামারির সময় আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। সে সময় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তিনি স্থলপথ ব্যবহার করেছিলেন।
দীনেশ ত্রিবেদীর বাংলাদেশে আগমন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।