কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুশ ইন করার চেষ্টা করা ১২ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে।
তাঁরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় জনগণ তা প্রতিহত করেন। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে শূন্যরেখার কাছাকাছি একটি মাঠে অবস্থান করছেন।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ১২ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, ওই ব্যক্তিরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করছেন।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তা প্রতিহত করেছে। বর্তমানে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, বিজিবির সঙ্গে কথা হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হবে বলে আশা করা হচ্ছে।