ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, রইল শুধু একটা ফুটবল

Date: 2026-06-13
news-banner

বিশ্বকাপে এখনো মাঠে নামেনি ইংল্যান্ড। তবে টুর্নামেন্ট শুরুর আগেই অস্বস্তিকর এক ঘটনার মুখোমুখি হয়েছে দলটি। কানসাস সিটিতে অনুশীলনে নামার আগে চুরি হয়ে গেছে হ্যারি কেইনদের ব্যবহারের জন্য রাখা বুট, ম্যাচ বল এবং অন্যান্য অনুশীলন সরঞ্জাম।

জানা গেছে, ফ্লোরিডায় অনুষ্ঠিত প্রাক্-টুর্নামেন্ট ক্যাম্প থেকে মিসৌরির কানসাস সিটির ‘সোপ সকার ভিলেজ’ প্রশিক্ষণ কেন্দ্রে সরঞ্জাম পরিবহনের সময় এ চুরির ঘটনা ঘটে।

ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে খেলোয়াড়দের ম্যাচের বুট, অফিসিয়াল টুর্নামেন্ট বল এবং অনুশীলনের প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ছিল। ডেইলি মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, চুরির ঘটনা ধরা পড়ার সময় সেখানে মাত্র একটি ফুটবল অবশিষ্ট ছিল।

ঘটনার তদন্ত শুরু করেছে কানসাস সিটি পুলিশ বিভাগ। ইতোমধ্যে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক বক্তব্যে পুলিশের একজন মুখপাত্র বলেন, “আরও তদন্তের জন্য দুই সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।”

এদিকে, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তবে চুরি হওয়া সরঞ্জাম উদ্ধারে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা কাজ করছে বলে জানা গেছে।

আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ ‘এল’-এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। তার আগে আজ বিকেলে কোচ টমাস টুখেলের অধীনে প্রথমবারের মতো অনুশীলনে নামার কথা রয়েছে দলের।

Leave Your Comments