অযত্ন অবহেলায় পড়ে আছে সরকারি অর্থায়নে নির্মিত সোনারগাঁ উপজেলা শিশু পার্ক

Date: 2026-06-13
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত একমাত্র শিশু পার্কটি এখন প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পার্কটির বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম নষ্ট হয়ে পড়ে থাকায় বিনোদন ও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থায়নে নির্মিত পার্কটি এখন শুধু সাইনবোর্ডেই সীমাবদ্ধ।

সরেজমিনে দেখা যায়, পার্কের ভেতরে থাকা দোলনা, স্লাইডারসহ বিভিন্ন রাইড দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। শিশুদের আকর্ষণের জন্য স্থাপন করা বাঘ, সিংহ, জিরাফ, ময়ূর, হাতি, ক্যাঙ্গারু ও হরিণসহ বিভিন্ন ভাস্কর্যের বেশিরভাগই ভেঙে গেছে। পুরো পার্ক এলাকা ঝোপঝাড়ে ছেয়ে থাকায় শিশুদের খেলাধুলার উপযোগী পরিবেশ নেই।

উপজেলা ডাকবাংলোর উত্তর-দক্ষিণ পাশে অবস্থিত আবাসিক এলাকার মধ্যে ২০২২ সালে পার্কটি নির্মাণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত হলেও আশপাশের এলাকার শিশুরাও অবসর সময়ে এখানে এসে খেলাধুলা ও বিনোদন উপভোগ করত। তবে বর্তমানে পার্কটির অধিকাংশ রাইড অকেজো হয়ে পড়ে আছে।
স্থানীয়রা জানান, পার্কটিতে শিশুদের জন্য কোনো ছাউনি বা বৃষ্টির সময় আশ্রয়ের ব্যবস্থাও নেই। ফলে রোদ কিংবা বৃষ্টির সময় শিশুদের নিরাপদে অবস্থানের সুযোগ থাকে না।

স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, “উপজেলা পরিষদ চত্বরে ছোট পরিসরে গড়ে তোলা এই পার্কটি একসময় শিশুদের আনন্দের কেন্দ্র ছিল। কিন্তু দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় এর বিভিন্ন রাইড নষ্ট হয়ে পড়ে আছে। দ্রুত সংস্কার করে শিশুদের খেলাধুলার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন।”
এদিকে পার্কের অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড়ে সাপ, পোকামাকড় ও মশার উপদ্রব দেখা দেওয়ায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে সেখানে যেতে ভয় পান।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিক আল জিনাত বলেন, “উপজেলা পরিষদের শিশু পার্কটির বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত আছি। পার্কটি সংস্কারের জন্য ইতোমধ্যে জেলা পরিষদের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার করে শিশুদের ব্যবহারের উপযোগী করা হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে শিশু পার্কটিকে পুনরায় সচল করা হলে এলাকার শিশুরা নিরাপদ ও আনন্দময় পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে।

Leave Your Comments