বন্দরে ভাড়া বাসা থেকে ক্লিনিককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

Date: 2026-06-13
news-banner

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় শারমিন আক্তার (২৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ ভাড়া বাসার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন আক্তার (২৪), কুমিল্লার ভাঙ্গুরা উপজেলার জুগিরখেল এলাকার বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে। তিনি মদনপুরের আল-বারাকা হাসপাতালে কর্মরত ছিলেন। অবিবাহিত শারমিন গত চার বছর ধরে মুরাদপুর এলাকায় একাই ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার সকাল ১১টা পর্যন্ত তাঁর কক্ষের দরজা বন্ধ থাকায় বাড়ির মালিকের ছেলের স্ত্রী তাঁকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের বাম হাতে ব্লেড দিয়ে কাটার মতো কিছু পুরোনো চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave Your Comments