​আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন: পটুয়াখালীতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Date: 2026-06-13
news-banner

​আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:

​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী ‘আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১৩ জুন) শনিবার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

​মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের ধারাবাহিকতায় পটুয়াখালী জেলাতেও এই কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন এবং উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর যৌথ আয়োজনে আজ জেলার ঝাউতলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

​পটুয়াখালীতে কর্মসূচির উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উদ্বোধনী আয়োজনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশবান্ধব পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ঝাউতলায় জারুল, হিজল ও কদমসহ বিভিন্ন স্থানীয় প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। সংশ্লিষ্টদের মতে, দেশীয় প্রজাতির এসব বৃক্ষ উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

​উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে গৃহীত এই বিশেষ উদ্যোগটি আগামী পাঁচ বছরে সারা দেশে সবুজের সমারোহ বাড়িয়ে পরিবেশ দূষণ কমাতে এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদী কার্যকর ভূমিকা পালন করবে। 

Leave Your Comments