পত্নীতলায় বজ্রপাতে নিহত জুয়েলের পরিবারের পাশে ইঞ্জি: এনামুল হক এমপি

Date: 2026-06-13
news-banner

মাসুদ রানা , নওগাঁ প্রতিনিধি : 

নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রপাতে মো. জুয়েল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঘোষনগর ইউনিয়নের ঘোষনগর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে আকস্মিক বজ্রপাতের শিকার হন জুয়েল হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুয়েল হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় এমপি এনামুল হক বলেন, “এই আকস্মিক ক্ষতি কাটিয়ে ওঠার ভাষা কারও জানা নেই। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং এই কঠিন সময়ে পরিবারটিকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।”

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave Your Comments