ব্রাজিলের জন্য অদ্ভুত শপথ, ট্রফি বা বিদায়ের আগে জার্সি ধোবেন না তিনি

Date: 2026-06-19
news-banner

বিশ্বকাপ মানেই সমর্থকদের নানা রকম মজার কাণ্ডকারখানা। যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্রাজিল সমর্থক ইয়োহান লেরবাউম এবার সেই তালিকায় নতুন মাত্রা যোগ করেছেন। শৈশবেই দেশ ছাড়লেও ব্রাজিল জাতীয় দলের প্রতি তাঁর ভালোবাসা অটুট। আর এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে বেজক্যাম্প হওয়ায় প্রথমবার প্রিয় দলকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি।

নিউ জার্সির মরিস টাউনশিপে কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকেন লেরবাউম। কখনো ভিনিসিয়ুসের দিকে হাত নাড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, কখনো কোচ কার্লো আনচেলত্তিকে শুভেচ্ছা—সবই তাঁর দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে।

সবচেয়ে মজার বিষয় হলো, প্রতিদিন তিনি একই ‘অ্যাওয়ে’ জার্সি পরে আসেন। জার্সিটি একবারও ধোয়া হয়নি। লেরবাউমের ভাষায়, “এটা আমার সৌভাগ্যের জার্সি। যতক্ষণ না ব্রাজিল বিদায় নিচ্ছে কিংবা ট্রফি নিয়ে ফিরছে, ততক্ষণ এই অবস্থাতেই থাকবে।” সঙ্গে রাখেন একটি হলুদ জার্সি, যাতে নেইমার বা ভিনিসিয়ুসের অটোগ্রাফ নেওয়ার সুযোগ পেলে কাজে লাগাতে পারেন।

ব্রাজিলের অনুশীলন সেন্টারে প্রবেশ কঠিন হলেও প্রতিদিনের উপস্থিতির কারণে পুলিশের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়ে গেছে। ফলে মাঝে মাঝে ভেতরে যাওয়ার অনুমতিও পান।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। লেরবাউম আশাবাদী, তরুণ স্ট্রাইকার এনদ্রিক এবার মূল একাদশে সুযোগ পাবেন। তাঁর মতে, “ছেলেটার প্রতিভা আছে, হাইতির বিপক্ষে সে দারুণ কিছু করতে পারবে।”

Leave Your Comments