নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় টানা চার দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা দূর হয়নি। আজ শুক্রবার সকাল পর্যন্ত হরতকিতলা, পূর্ব চন্দনা ছাপরা মসজিদ এলাকা, পূর্ব চান্দরা জোড়া পাম্প এলাকা, বিশ্বাসপাড়া এপেক্স কারখানার পেছনসহ অন্তত ৫০০ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে।
হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে অনেক বাড়িঘর। এতে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া ও কর্মজীবী মানুষের কর্মস্থলে যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হয়েছে। অনেক পরিবার ঘরের আসবাবপত্র উঁচু স্থানে সরিয়ে রাখতে বাধ্য হয়েছে, কোথাও রান্নাঘরেও পানি ঢুকে পড়েছে। নিরাপদ খাবার পানি ও স্যানিটেশনের সংকটও দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ইউছুব আলী বলেন, “চার দিন ধরে ঘরের ভেতরে পানি। ছোট ছোট সন্তানকে নিয়ে খুব কষ্টে আছি। ঠিকমতো রান্নাবান্নাও করতে পারছি না।”
রেহানা বেগমের অভিযোগ, “বৃষ্টি হলেই এ এলাকায় পানি জমে। এবার চার দিনেও পানি নামেনি।”
ব্যবসায়ী সোহেল রানা জানান, দোকানে পানি ঢুকে মালামালের ক্ষতি হয়েছে, ক্রেতারাও আসতে পারছেন না।
বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল ও পানি চলাচলের পথ দখল এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “নিচু জায়গা ভরাট করে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। ড্রেনের জন্য জায়গা না থাকায় পানি নামতে সময় লাগছে। প্রশাসনের একাধিক দল কাজ করছে, আশা করা হচ্ছে আজ বিকেলের মধ্যে পানি নেমে যাবে।”