মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আসিফ (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে।
শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার দ্বাড়িয়াকান্দি পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসিফ একই গ্রামের কামাল মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোচালক বলে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে আসিফ শিশুটিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি বাগানে ফুসলিয়ে নিয়ে যায়। সেখানে সে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। একপর্যায়ে সেখান থেকে সরিয়ে একই এলাকার চান্দু মিয়ার ঘরের কোণায় নিয়ে শিশুটিকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় দূর থেকে এক নারী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি শিশুটিকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকে আসিফকে হাতেনাতে ধরে ফেলেন। আটক হওয়ার পর আসিফ প্রথমে ওই নারীর হাত-পা ধরে ক্ষমা চাওয়ার নাটক করে। পরে এই চেষ্টায় ব্যর্থ হয়ে জোরাজুরি করে ওই নারীর হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যায়।
জানা গেছে, শিশুটির বাবা-মা দুজনেই গার্মেন্টসে চাকরি করেন। বাবা-মা কর্মস্থলে থাকায় শিশুটি তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করছিল।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী শিশুটির জবানবন্দি নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।