তাড়াশে মাদক সেবনের অভিযোগে যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

Date: 2026-06-28
news-banner

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতী গ্রামে মাদক সেবনের অভিযোগে আসাদুল মুন্সী (৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক আসাদুল মুন্সী ওই গ্রামের আহের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসাদুল মুন্সীর বিরুদ্ধে এলাকায় মাদক সেবন এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করে আগের মতোই চলাফেরা করছিলেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

শনিবার (২৭ জুন) রাত প্রায় ১০টার দিকে জাহাঙ্গীরগাতী গ্রামের একটি স্থানে প্রকাশ্যে মাদক সেবনের সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং উপস্থিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, "স্থানীয়রা এক ব্যক্তিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

স্থানীয় বাসিন্দারা বলেন, জাহাঙ্গীরগাতী গ্রামসহ তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Leave Your Comments