মাদককে লাল কার্ড দেখিয়ে সচেতনতার বার্তা দিলেন ফুটবলপ্রেমীরা

Date: 2026-06-28
news-banner

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন।

রবিবার (২৮ জুন) সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে আর্জেন্টিনা ও জর্ডানের ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শকদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী শপথ পাঠ করেন এবং প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করে সমাজ থেকে মাদক নির্মূলের আহ্বান জানান।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার।

তিনি বলেন, “ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলে। মাঠের এই প্রতীকী লাল কার্ড যেন সবার মনে মাদকের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। 

পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।”

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, “মাদক একটি জাতিকে ধীরে ধীরে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে এই ব্যাধি দূর করতে। সে লক্ষ্যেই আমরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। আজ ফুটবলপ্রেমীদের মাধ্যমে মাদককে প্রতীকীভাবে লাল কার্ড দেখিয়ে সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। 
সবাই মিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে পারলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে ফুটবলপ্রেমী, স্বেচ্ছাসেবক ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments