​পূর্বধলায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: কাপাশিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নান্দনিক দেয়ালিকা প্রদর্শন

Date: 2026-06-29
news-banner

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম বিশেষ প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু সচেতনতা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রজেক্টের আওতায় আজ ২৯ জুন মাদ্রাসা প্রাঙ্গণে এ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

​সরকারি নির্দেশনার আলোকে আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পরিবেশ সুরক্ষা, গ্লোবাল ওয়ার্মিং, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং বায়ু ও পানি দূষণ রোধের নানা বার্তা ফুটিয়ে তুলে শিক্ষার্থীরা নিজ হাতে একটি নান্দনিক দেয়ালিকা তৈরি করে প্রদর্শন করে, যা উপস্থিত শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।

​কর্মসূচি উপলক্ষে ‘পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের অঙ্গীকার, টেকসই সবুজ ক্যাম্পাস বিনির্মাণে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী সুপার মাওলানা আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম এবং ব্যানার ও ফেস্টুন কমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক মো. ওমর ফারুক। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন কমিটির সদস্য সচিব সহকারী শিক্ষক আরমান রহমান।
​সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা দৌলত আলী বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নতুন প্রজন্মকে সচেতন করা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু হওয়া সরকারের এই সবুজ উদ্যোগ টেকসই পরিবেশ বিনির্মাণে যুগান্তকারী ভূমিকা রাখবে।"

​ব্যানার ও ফেস্টুন কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানসিক প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যেই শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের যৌথ সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।"

​আলোচনা সভা ও র‍্যালি শেষে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরকারি গাইডলাইন অনুযায়ী মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের এমন সৃজনশীল অংশগ্রহণ ও উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Leave Your Comments