মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের পরিচালিত নিয়মিত বিশেষ অভিযানে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম হলেন হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ মিয়া। তিনি উপজেলার চৌহদ্দি এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।
এছাড়া উপজেলার বড় ছয়সুতি এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে মামুন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে নিয়মিত মামলার আরও তিনজন আসামি এবং বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজনকে আটক করা হয়। সব মিলিয়ে সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে কুলিয়ারচর থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।