ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন

Date: 2026-06-30
news-banner

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে দল হিসেবে না থাকলেও দর্শক হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচের পর বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্‌যাপন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

বাংলাদেশের এই ফুটবল-উন্মাদনার খবর পৌঁছে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের কাছেও। এরই ধারাবাহিকতায় জাপানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার।

গতকাল রাতে শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচ শেষে টি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় আলিসন বলেন, “ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।”

জাপানের বিপক্ষে প্রথমে ১-০ গোলে পিছিয়ে পড়লেও কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। পরে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে কাসেমিরোও বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানান। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, “আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ওখানে গিয়েছি। আমি জানি বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।”

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। অন্যদিকে আর্জেন্টিনা শেষ ৩২-এর ম্যাচে আগামী ৪ জুলাই মুখোমুখি হবে কেপ ভার্দের।

Leave Your Comments