মাত্র ১ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হরর সিনেমা ‘অবসেশন’ প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। গত ১৫ মে মুক্তি পাওয়া ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩৪৪ মিলিয়ন ডলার আয় করেছে। প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। মঙ্গলবার থেকে এটি দেখা যাচ্ছে অ্যাপল টিভি প্লাসে।
ওটিটিতে মুক্তি পাওয়া সংস্করণটি আনরেটেড ভার্সন। নির্মাতাদের দাবি, প্রেক্ষাগৃহে সেন্সর বোর্ডের রেটিংয়ের কারণে বাদ দেওয়া কয়েকটি দৃশ্য এতে পুনরায় যুক্ত করা হয়েছে। ফলে দর্শক আরও দীর্ঘ, তীব্র এবং পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পাবেন।
ছবিটি পরিচালনা করেছেন ক্যারি বারকার। হলিউডে তিনি আগে খুব পরিচিত নাম ছিলেন না। ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবেই বেশি পরিচিত ছিলেন তিনি। এর আগে তাঁর নির্মিত ‘দ্য চেয়ার’ নামের হরর শর্টফিল্ম এবং ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ নামের ফাউন্ড-ফুটেজ চলচ্চিত্র দর্শকদের নজর কাড়ে। এমনকি ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ তিনি ইউটিউবেই বিনা মূল্যে প্রকাশ করেছিলেন। তবে ‘অবসেশন’-এর অভাবনীয় সাফল্য তাঁর ক্যারিয়ারে নতুন মোড় এনে দিয়েছে।
যা আছে ‘অবসেশন’-এর গল্পে
সিনেমার কেন্দ্রীয় চরিত্র বিয়ার, একটি মিউজিক স্টোরের একাকী কর্মচারী। বন্ধু নিকির প্রেমে পড়ে সে। কিন্তু বাস্তবে সেই ভালোবাসা অর্জন করতে না পেরে এক রহস্যময় অতিপ্রাকৃত খেলনার সাহায্যে নিকিকে নিজের প্রেমে পড়ানোর চেষ্টা করে।
প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়। নিকি নিজের ব্যক্তিত্ব হারাতে শুরু করে এবং ভালোবাসার আকাঙ্ক্ষা পরিণত হয় এক বিভীষিকাময় দুঃস্বপ্নে।
ভালোবাসা, আসক্তি এবং নিয়ন্ত্রণের বিপজ্জনক দিককে কেন্দ্র করে নির্মিত মনস্তাত্ত্বিক এই হরর সিনেমা মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন ইন্দে নাভারেত্তি ও মাইকেল জনস্টন।