অভিনেত্রী নাজনীন নীহা নিজেই জানিয়েছেন, তিনি এনগেজড। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাঁর হবু স্বামীকে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। বিশেষ করে তিনি পাকিস্তানের একজন তরুণকে বিয়ে করতে যাচ্ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে নীহা বলেন, “আমি কাকে বিয়ে করছি, সেটা তো কাউকে খুঁজে বের করতে বলিনি। সময় হলে আমি নিজেই এনগেজমেন্টের মতো বিয়ের খবরও জানিয়ে দেব। সবার উচিত আমাদের অভিনন্দন জানানো ও অ্যাপ্রিশিয়েট করা।”
তিনি আরও বলেন, “আমি বুঝলাম না, এখানে কাকে বিয়ে করতে যাচ্ছি, তার দেশ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল—এই দেশগুলোর নাম কোথা থেকে আসল? সময় হলে আমি নিজেই সব জানাব। ধন্যবাদ।”
চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর থেকেই নীহার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সোমবার তিনি আবারও ফেসবুকে জানান, তিনি এনগেজড। এরপর বিভিন্ন গণমাধ্যমে তাঁর হবু স্বামীকে নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়। কোথাও দাবি করা হয়, তিনি পাকিস্তানের একজন নাগরিককে বিয়ে করতে যাচ্ছেন। আবার কিছু প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণের সময় তাঁদের পরিচয় হয় এবং পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এক সাক্ষাৎকারে নাজনীন নীহা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। তখন তিনি শুধু বলেন, “এখন আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলার জন্য আপাতত এতটুকুই, আমি এখন এনগেজড।”
একই আলাপচারিতায় তিনি আরও বলেন, “এই এনগেজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে, উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড, সেই পরিচয়ও সবাই জানতে পারবেন।”
এনগেজমেন্টের বিষয়টি নিশ্চিত করলেও হবু স্বামীর পরিচয় আপাতত প্রকাশ করতে চান না নাজনীন নীহা। তাঁর ভাষ্য, উপযুক্ত সময় হলে তিনি নিজেই সব জানাবেন। তত দিন পর্যন্ত ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা জল্পনা না ছড়ানোর আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।