সোনারগাঁয়ে যুবদল নেতা নোবেল মীরের বিরুদ্ধে প্রাননাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

Date: 2026-06-30
news-banner

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তার ভাগিনা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির যুবদল নেতা মো. নোবেল মীরের বিরুদ্ধে অপপ্রচার, প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি এবং ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে মঙ্গলবার (৩০ জুন)  সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, তিনি শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় অভিযুক্ত উপজেলা বিএনপির যুবদল নেতা নোবেল মীর তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিদেশে পাঠানোর কথা বলে নোবেল মীর তার কাছ থেকে নগদ ২০ লাখ টাকা নেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে একটি ডাচ্-বাংলা ব্যাংকের চেক দিলেও ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। এরপর আইনি নোটিশ পাঠানো হলেও টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুন দুপুর সাড়ে ১২টার দিকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে উপজেলা বিএনপির যুবদল নেতা নোবেল মীর ও তার সঙ্গে থাকা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যা অপপ্রচার চালান। এ সময় উপস্থিত লোকজন প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং যেকোনো উপায়ে ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জাহাঙ্গীর আলম আরও দাবি করেন, চেয়ারম্যান নির্বাচন করতে হলে তাকে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। অন্যথায় সুযোগ পেলে তার ক্ষতি করা হবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের অবহিত করার পর তাদের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. নোবেল মীরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার  জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments