মাদারীপুরে বিনামূল্যে ৪০ অসহায় বয়স্কের চোখের অপারেশন

Date: 2026-06-30
news-banner

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে বিনামূল্যে ৪০ জন হতদরিদ্র ও অসহায় বয়স্ক মানুষের চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের প্লানেট হাসপাতালে অপারেশন শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

এর আগে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ওই ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে গুরুতর ছানি রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়। পর্যায়ক্রমে আরও রোগীর অপারেশন করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ছানি ও অন্ধত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং হতদরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দিতে নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে প্লানেট হাসপাতাল। ক্যাম্পে নির্বাচিত রোগীদের রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আব্দুল মান্নানের নেতৃত্বে আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ফ্যাকো সার্জারিসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।

বিনামূল্যে অপারেশন ও চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তাঁদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

প্লানেট হাসপাতালের স্বত্বাধিকারী আলহাজ লোকমান হোসেন মোল্লা বলেন, “যার চোখের আলো নেই, সেই বোঝে পৃথিবীকে দেখতে না পারার কষ্ট। অন্ধকার জীবনকে আলোর পথে ফিরিয়ে আনতেই আমাদের এই মানবিক উদ্যোগ। মানুষের সেবার লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা অব্যাহত থাকবে।”

Leave Your Comments