উন্নয়নের নতুন রূপরেখা: কুলিয়ারচর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকার বাজেট ঘোষণা

Date: 2026-07-01
news-banner

মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

নাগরিক সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ জুন) কুলিয়ারচর পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৩ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০৮ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মোট বাজেটের বড় অংশ উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়ায় পৌর এলাকার অবকাঠামো ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৩৬৮ টাকা এবং রাজস্ব ব্যয় ৪ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৫৫৫ টাকা। এছাড়া উন্নয়ন আয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, বিপরীতে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৬০৮ টাকা।

নতুন অর্থবছরের বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব বৃদ্ধি, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়কবাতি স্থাপন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট সভায় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, ৪ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দীন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী এবং ১ ও ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মোঃ আবুল আহসান ভূইয়া, পৌর প্রশাসনিক কর্মকর্তা মিনহাজুল ইসলাম এবং পৌর হিসাবরক্ষক বিধান চন্দ্র দাস।

পৌর প্রশাসক মোঃ ইয়াসিন খন্দকার বলেন, বাস্তবসম্মত পরিকল্পনা, সুশাসন এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট বাস্তবায়ন করা গেলে কুলিয়ারচর পৌরবাসী আরও উন্নত ও মানসম্মত নাগরিক সেবা পাবেন।

Leave Your Comments