সৌদিতে প্রবাসী কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের আহ্বান

Date: 2026-07-01
news-banner

বাসস: 

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু বা নবায়নের আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

মঙ্গলবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে অথবা নতুন করে সৌদি আরবে প্রবেশ কিংবা কর্মস্থল পরিবর্তনের (ট্রান্সফার) ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও যাঁদের নামে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাঁদের ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় জানায়, শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন, নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি শ্রমবাজারে আইন মেনে চলার সংস্কৃতি জোরদার করতে এবং ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান ও কর্মী ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের উদ্যোগ নেওয়ায় এই বিশেষ সুযোগ চলতি বছরের শেষ পর্যন্ত বহাল রাখা হয়েছে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। অন্যথায় প্রচলিত শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

Leave Your Comments