গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর দাউদকান্দির ওসিকে প্রত্যাহার

Date: 2026-07-01
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দের পর তা বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এর পরদিনই ওসি আবদুল বারীকে দাউদকান্দি মডেল থানা থেকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওসি আবদুল বারী। তিনি বলেন, একটি পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদনের জের ধরেই তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। অভিযোগ প্রমাণিত হলে চাকরি ছেড়ে দিতেও প্রস্তুত বলে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। কিন্তু অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না।’

ওসি আরও অভিযোগ করেন, ব্যক্তিগত বিদ্বেষের কারণেই তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

Leave Your Comments