‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু
Date: 2026-07-01
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছুরিকাঘাতে গুরুতর আহত মো. সাগর (৩২) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাগর রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। গত ১২ জুন রায়পুর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তাঁকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা নুরুল আমিন (৪৫) সাগরকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের ভায়রা মো. রাজন অভিযোগ করেন, অভিযুক্ত নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। ঘটনার দিন এক ব্যক্তির কাছে মাদক বিক্রিতে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে সাগরের বুকে ছুরিকাঘাত করেন তিনি। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, ছুরির আঘাতে সাগরের লিভার ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনার দিনই নুরুল আমিনকে গাঁজাসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরে জামিনে মুক্ত হলেও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় গত সোমবার তাঁকে পুনরায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।