কুলিয়ারচরে পুলিশের ধাওয়ায় ২৪ কেজি গাঁজা উদ্ধার: পিকআপ ভ্যানসহ একজন আটক

Date: 2026-07-02
news-banner

মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।

এ সময় সন্দেহজনকভাবে চলাচলরত তুলাভর্তি একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া শুরু করে। একপর্যায়ে ঢাকা মেট্রো-ন ১২-০৩৬৬ নম্বরের পিকআপ ভ্যানটি বাজরা বাসস্ট্যান্ডের মাছ আড়তের ভেতরে ঢুকে পড়েলে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ।

পরে তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যানের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ এবং মোঃ ডালিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ডালিম মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তিনি একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার (১ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কুলিয়ারচর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতাও আরও জোরদার করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে এবং সমাজ আরও নিরাপদ হয়ে উঠবে।

Leave Your Comments