জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

Date: 2026-07-02
news-banner

ঢাকা, ২ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জুলাই থেকে আগস্টজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি।


বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়, যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


আগামী ১৫ জুলাই ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে। ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগের আওতাধীন সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে সারাদেশের বিভিন্ন ইউনিটে স্মরণসভা পালনের কর্মসূচিও রয়েছে।


১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ‘প্রতীকী জুলাই’ শীর্ষক লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। একই দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটকের আয়োজন করা হবে।

২২ জুলাই জুলাই-আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।


এছাড়া ২৪ ও ২৫ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে সারাদেশে শহীদদের কবর জিয়ারত করা হবে এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হবে।


মাসব্যাপী কর্মসূচির সমাপনী হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের ঘোষণায় জানানো হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

Leave Your Comments