নাটকীয় হারে বিদায়, কোচিং স্টাফ থাকলে খেলবেন না - জাতীয় দল থেকে বিরতিতে গুইয়ে

Date: 2026-07-02
news-banner

বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু থেকে নাটকীয়ভাবে বিদায় নেওয়ার পর সেনেগাল জাতীয় দল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন দলটির তারকা মিডফিল্ডার পাপে গুইয়ে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত জাতীয় দলের হয়ে আর খেলবেন না।


বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, বিশ্বকাপ থেকে বিদায়ের বিষয়ে পরে বিস্তারিত বলবেন। তবে বর্তমান কোচিং স্টাফের অধীনে তিনি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছেন বলে নিশ্চিত করেন।


বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় সেনেগাল। নির্ধারিত সময়ে হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে এগিয়ে ছিল আফ্রিকার দলটি। পরে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্স গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।


অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বেলজিয়াম একটি বিতর্কিত পেনাল্টি পায়। ১২৫তম মিনিটে সেই স্পট-কিক থেকে জয়সূচক গোল করেন টিলেমান্স, যার মাধ্যমে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় সেনেগালের।

ম্যাচের শুরুর একাদশে থাকলেও ৬৬তম মিনিটে গুইয়েকে তুলে নিয়ে লামিন কামারাকে নামানো হয় মাঠে।


বর্তমানে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের হয়ে খেলা গুইয়ে সেনেগালের জার্সিতে এখন পর্যন্ত ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে জয়ে দুটি গোলও করেন তিনি।

উল্লেখ্য, সেনেগালের কোচ পাপে থিয়াও ২০২৪ সালের ডিসেম্বর থেকে দায়িত্বে রয়েছেন। তার কোচিং মেয়াদে এর আগেও বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে তিনি দলকে মাঠ থেকে তুলে নেন।


পরবর্তীতে প্রায় ১৭ মিনিট পর খেলা পুনরায় শুরু হলেও ম্যাচ শেষে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বর্তমানে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টে আপিল করেছে সেনেগাল, এবং তারা এখনও শিরোপা পুনরুদ্ধারের আশা করছে।

Leave Your Comments