কমিটির দল’ বিতর্কে স্কালোনির কড়া জবাব

Date: 2026-07-03
news-banner


কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে একটি বিতর্ক নিয়মিতই ঘুরে বেড়াচ্ছে ফুটবল মহলে। অভিযোগ ওঠে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে। অনেকেই দলটিকে ‘কমিটির দল’ বলেও উল্লেখ করেন।


চলতি বিশ্বকাপেও লিওনেল মেসির একটি আলোচিত ফাউল ঘিরে সেই বিতর্ক নতুন করে সামনে এসেছে। এমন প্রেক্ষাপটে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে প্রশ্ন ছুটে যায়—দলটি কি সত্যিই বিশেষ সুবিধা পাচ্ছে?


জবাবে সরাসরি ও কড়া অবস্থান নেন স্কালোনি। তিনি বলেন, “এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন। আপনি যদি না দেখেন, তবে এসব জানতেও পারবেন না।”

নিজের অবস্থান ব্যাখ্যা করে স্কালোনি আরও বলেন, “আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে এবং ছোট একটি বিষয়কে বড় আকারে ছড়িয়ে দিতে পারে। এসব বিষয়কে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই।”


আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, দলের সাফল্য কারও দয়া বা বিশেষ সুবিধার ফল নয়; বরং এটি পুরো দলের সম্মিলিত পরিশ্রমের ফসল। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো পর্যন্ত সবার অবদান রয়েছে এই অর্জনে।


সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক দিক তুলে ধরে স্কালোনি বলেন, “সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন আছে, তেমনি যে কেউ যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আমরা এসব বিষয়ে মোটেও কান দিচ্ছি না।”

Leave Your Comments