২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব থার্টি-টু’র হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল শনিবার ভোর ৪টায় আফ্রিকার দেশ কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে ইন্টার মায়ামির ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহূর্তের অনুশীলন সেরেছে লিওনেল মেসির দল।
ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে চূড়ান্ত কিছু না বললেও আভাস দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের।
ইনজুরি কাটিয়ে ফিরছেন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। তার ফেরা আর্জেন্টিনার রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। রোমেরোর প্রসঙ্গে স্কালোনি বলেন, “সে ভালো আছে, খেলতে প্রস্তুত। পুরো অনুশীলন করেছে, আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি।”
মায়ামির গরম ও আর্দ্র আবহাওয়ার কথা বিবেচনায় রেখে অনুশীলন সেশন রাখা হয় হালকা, যাতে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
তবে একাদশের লেফট-ব্যাক ও আক্রমণভাগ নিয়ে এখনও কিছু সংশয় রয়েছে কোচের মনে। নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট হলেও তরুণ ফাকুন্দো মেদিনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না স্কালোনি।
আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে দ্বিতীয় ফরোয়ার্ড হিসেবে লাউতারো মার্তিনেজ নাকি জুলিয়ান আলভারেজ খেলবেন—তা নিয়েও চলছে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।
সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ হতে পারে এমন—
সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, তাগলিয়াফিকো/মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ/জুলিয়ান আলভারেজ।