‘সোনার তরী’ বিতর্কে অর্ণব, ব্যক্তিগত আক্রমণ না করার আহ্বান স্ত্রীর

Date: 2026-07-03
news-banner


বিনোদন ডেস্ক


কোক স্টুডিও বাংলার চতুর্থ আসরের গান ‘মেঘ’ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে গানটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার অংশ ব্যবহার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই অভিযোগ করেছেন, কবিগুরুর এই রচনার যথাযথ মর্যাদা রক্ষা করা হয়নি।

এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব।


তবে সমালোচনার মধ্যেই স্বামীর পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী সুনিধি নায়েক। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, একজন শিল্পীর সব সৃষ্টি সবার ভালো লাগবে না—এটাই স্বাভাবিক। তবে কাজের সমালোচনা করা আর ব্যক্তিগত আক্রমণ করা এক বিষয় নয়।


ফেসবুক পোস্টে সুনিধি নায়েক লেখেন, “শিল্পীও একজন মানুষ। তাঁর প্রতিটি সৃষ্টি সবার ভালো লাগবে—এমন কোনো নিয়ম নেই। কিছু গান হৃদয়ে গেঁথে যায়, কিছু গান হয়তো ছুঁয়ে যেতে পারে না। তাই কাজের সমালোচনা করুন, কিন্তু শিল্পীকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না।”


তিনি আরও লেখেন, অর্ণবের দীর্ঘ সংগীতজীবনের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, যা মানুষের জীবনের নানা মুহূর্তের সঙ্গী হয়ে আছে। সব সৃষ্টি সমানভাবে সফল হবে না—এটাই বাস্তবতা।

ব্যক্তিগত আক্রমণ শিল্পীর সৃজনশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বারবার অপমান ও বিদ্রূপের মুখে পড়লে শিল্পীরা নতুন কিছু তৈরির সাহস হারিয়ে ফেলেন।


পোস্টের শেষে তিনি সবাইকে আহ্বান জানান—সমালোচনা হোক কাজের, কিন্তু শিল্পীর প্রতি সম্মান যেন অটুট থাকে।

Leave Your Comments