পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ‘ভিডিও ফাঁস’ দাবিও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পোস্টে, যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন দুরেফিশান। এরপর ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ ও ‘সানওয়াল ইয়ার পিয়া’র মতো নাটকে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা পান। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মনোনয়নও।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, এই অভিনেত্রী নাকি এক জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং বিষয়টি বিয়ে পর্যন্ত গড়িয়েছে। এমনকি কিছু পোস্টে ‘ভিডিও ফাঁস’-এর কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে সহ-অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়েও ভক্তদের মধ্যে আলোচনা ছিল। নতুন করে আরেক ব্যক্তির নাম জড়িয়ে পড়ায় সেই আলোচনা আরও জোরদার হয়েছে।
এদিকে দুরেফিশানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট যশওয়া আনজুম সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়ায় এ ধরনের খবর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার মন্তব্যের পর অনেকেই ধারণা করছেন, পুরো বিষয়টি ভিত্তিহীন গুজব হতে পারে।
তবে আলোচিত এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত দুরেফিশান সেলিম বা সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ও বিভ্রান্তি রয়ে গেছে।