প্রায় দুই বছর বন্ধ থাকার পর পুনরায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা কার্যক্রম চালু হয়েছে। এই ঘোষণা আসার পরই ব্যাপক সাড়া পড়ে—গত ২৮ জুন মাত্র ২৪ ঘণ্টায় ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে বিভিন্ন ভারতীয় ভিসা সেন্টারে।
এমন পরিস্থিতিতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহীদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়া তাদেরকে উৎসাহিত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা পরিষেবা সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এছাড়া, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।