ইরানে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে একত্রে এনসিপি-জামায়াত-খেলাফত মজলিসের প্রতিনিধিদল

Date: 2026-07-03
news-banner


ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে দেশটিতে সফর করছেন এনসিপি, জামায়াত ও খেলাফত মজলিসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

শুক্রবার (৩ জুলাই) প্রতিনিধিদলের সদস্যরা একসঙ্গে খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়।


জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের সামনে শ্রদ্ধা নিবেদনের একটি ভিডিও প্রকাশ করেন। তিনি জানান, শহীদ ইমাম খামেনি ও অন্যান্য শহীদদের মরদেহ প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদল সেখানে শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় অংশ নিয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দলও গভীর শ্রদ্ধা ও দোয়া নিবেদন করেছে।


তিনি আরও জানান, শনিবার (৪ জুলাই) সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ গ্র্যান্ড মুসাল্লায় রাখা হবে।

ইরান সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশি প্রতিনিধিদল আগামী ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে বলে জানা গেছে।


প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। দলে রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান। এছাড়া প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা।

Leave Your Comments