খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের স্পিকারের শ্রদ্ধা

Date: 2026-07-04
news-banner



ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্পিকার খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।


অনুষ্ঠানের পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


এর আগে তিনি ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ–ইরান সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে স্থায়ী সমাধানের আহ্বান জানান।

তিনি গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


পরে স্পিকার ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে ক্রিকেট উন্নয়নে ইরানের আগ্রহ নিয়ে আলোচনা হয়।

তেহরান সফরকালে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগের সঙ্গে সাক্ষাৎকার দেন এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।

Leave Your Comments