জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Date: 2026-07-04
news-banner


গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থান থেকে আগত এই পরিবারগুলোকে কেন্দ্র করে আয়োজনটি আবেগঘন পরিবেশে রূপ নেয়।


অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আয়োজকেরা জুলাই আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় ঐক্য ও অগ্রগতির বার্তা দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা, ত্যাগ ও স্মৃতিচারণ করেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আন্দোলনের সময়কার নানা ঘটনা তুলে ধরেন। তারা রাষ্ট্রীয়ভাবে শহীদদের যথাযথ স্বীকৃতি ও পরিবারের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানান।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানজুড়ে ছিল শোক, শ্রদ্ধা এবং একইসঙ্গে জাতীয় ঐক্যের বার্তা।

Leave Your Comments