হাওরাঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ সহজ করতে দেশের সব উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় নদী ও খাল খনন কর্মসূচি আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব তথ্য জানান।
তিনি বলেন, সরকারের মূল নীতি হচ্ছে ‘জাল যার, জল তার’। এই নীতির আলোকে প্রকৃত মৎস্যজীবীদের জন্য জলাশয় উন্মুক্ত করা হচ্ছে, যাতে তারা নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ইজারা প্রথার কারণে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে হাওর ও জলাশয় দখল করে সাধারণ মানুষকে মাছ আহরণে বাধা দিয়ে আসছিল। এই বাধা দূর করতে সরকার আইনগত ও প্রশাসনিক উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, নদীর নাব্যতা রক্ষা এবং জলাবদ্ধতা কমাতে ইতোমধ্যে বেশ কিছু নদী ও খাল খনন করা হয়েছে এবং এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
ব্রিফিংয়ে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে ছিল পথসভা, ফিশারি পরিদর্শন এবং হাওর এলাকায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন।