সোনারগাঁয়ে যুবলীগ নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলে গ্রে/প্তা/র

নিজস্ব প্রতিবেদক: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থী এক তরুণকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাত দেড়টার দিকে কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।

গ্রেপ্তার ওয়ালিদ হোসেন সাব্বির (১৯) কাঁচপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল বাতেনের ছেলে। সাব্বিরের বড়ভাই রাহাত হোসেন অন্তর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

তবে, সাব্বির রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে ‘কখনই জড়িত ছিলেন না’ বলে মুঠোফোনে দাবি করেছেন তার বাবা ও ভাই।

আব্দুল বাতেন বলেন, তিনি এবং তার বড়ছেলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে তারা দু’জনই দেশ ছেড়েছেন। কিন্তু ছোটছেলে সাব্বির মায়ের সঙ্গে সোনারগাঁয়ের বাড়িতেই থাকতেন।

বাতেনের অভিযোগ, স্থানীয় কয়েকজন বিএনপি নেতা গত কয়েকদিন ধরেই তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় ‘মিথ্যা তথ্য দিয়ে’ তার ছোটছেলেকে গ্রেপ্তার করানো হয়েছে বলেও দাবি তার।

“শুধু আমার ছেলেকেই না, আমার স্ত্রীকেও রাজনৈতিক মামলায় অ্যারেস্ট করানোর হুমকি দিছে কতিপয় বিএনপি নেতা,” যোগ করেন তিনি।

তবে, পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত নেতাদের নাম প্রকাশ করতে চাননি আব্দুল বাতেন।

কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা দেওয়া সাব্বির ফলাফলের অপেক্ষা ছিলেন বলেও জানান তিনি।

এদিকে, সোনারগাঁ থানার ওসি সারোয়ার হোসেন বলছেন, “সোনারগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে।

সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।”

সাব্বিরকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।।