ইয়েমেনে হুতি–নিয়ন্ত্রিত শহরে সৌদির হামলা, সংঘাত কি নতুন মোড় নিচ্ছে

আল–জাজিরা

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত শহর হোদেইদাহে সৌদি আরব হামলা চালিয়েছে। ইরানপন্থী হুতি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “রিয়াদকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।” হোদেইদাহ বন্দর হুতিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই উত্তর ইয়েমেনে বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তার বেশির ভাগ চালান প্রবেশ করে।

হুতি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানিয়েছে, টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া কামারান দ্বীপেও হামলা চালানো হয়, যেখানে অন্তত একজন নারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, হোদেইদাহ বন্দরে বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলাকে “কাপুরুষোচিত ও বেপরোয়া” বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, জোট প্রয়োজনীয় সব সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে এবং হুতিরা শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে গেলে তার জবাব দেওয়া হবে।