ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গের অভিযোগ খারিজ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ার অভিযোগ করেছিল, ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিক সমর্থন দিয়ে বারবার আইওসির নিয়ম ভেঙেছেন। তবে আইওসি জানিয়েছে, এ অভিযোগ তাদের নৈতিকতা কমিশনের এখতিয়ারের বাইরে।
আইওসি মুখপাত্র এএফপিকে বলেন, “অলিম্পিক চার্টার অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক ফেডারেশন তাদের শাসনব্যবস্থায় স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখে। তাই অভিযোগটি খারিজ করা হয়েছে।”
এর আগে ট্রাম্পের আহ্বানে অনুষ্ঠিত ‘বোর্ড অব পিস’-এর বৈঠকে ইনফান্তিনোর উপস্থিতি নিয়েও বিতর্ক হয়েছিল। ওই বৈঠকে তিনি ট্রাম্পের প্রতীকী লাল টুপি পরেছিলেন। তবে আইওসি তখনও অভিযোগ খারিজ করে জানায়, ফিফা গাজায় খেলাধুলাকেন্দ্রিক পুনর্বাসন ও বিনিয়োগ কর্মসূচি চালাচ্ছে, যা আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গত ডিসেম্বরে ফিফা ট্রাম্পকে প্রথম ‘শান্তি পদক’ দেয়। ইনফান্তিনো তখন বলেছিলেন, বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি প্রচারে ট্রাম্পের “ব্যতিক্রমী ও অসাধারণ” কাজের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হয়েছে।