কুলিয়ারচরে পানি উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞ দল: কালী নদীর নাব্যতা ফেরাতে ড্রেজিংয়ের উদ্যোগ

মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কালী নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি বিশেষজ্ঞ দল নদীটি পরিদর্শন করে প্রাথমিক সার্ভে করেছে।
বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপির উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞ দলটি কালী নদীর বিভিন্ন অংশের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে।
বিশেষজ্ঞ দলটি শনিবার (২৫ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টার পর্যন্ত ইঞ্জিনচালিত নৌকায় নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করে নদীর বর্তমান নাব্যতা, পলি জমার পরিমাণ ও সম্ভাব্য ড্রেজিং এলাকার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
পরিদর্শনকালে বিশেষজ্ঞ দলের সঙ্গে ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছা এবং কুলিয়ারচর পৌর যুবদলের সদস্যসচিব মুখলেছুর রহমান মঞ্জু।
স্থানীয়দের আশা, কালী নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করা হলে নদীর নাব্যতা ফিরে আসবে। এতে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি নদীকে ঘিরে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় যোগাযোগব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।