নারায়ণগঞ্জে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, এরপর যা মিলল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি খুলে দেখে, এর ভেতরে কোনো বিস্ফোরক নেই। পাওয়া যায় কাপড়চোপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র ও একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স।
ঘটনাস্থলে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব এবং পরে বম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়, ফলে উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
ব্যাগে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী মালিক সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা মোছা. রেখা বেগম। তাঁর স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্সও পাওয়া গেছে। পুলিশ বলছে, কী উদ্দেশ্যে ব্যাগটি সেখানে ফেলে যাওয়া হয়েছিল, তা তদন্ত করা হচ্ছে।