রাজবাড়ীতে ‘মারামারির ভিডিও ধারণ করায়’ সাংবাদিককে মারধর

রাজবাড়ী প্রতিনিধি: 

রাজবাড়ীর পাংশায় মারামারির ভিডিও ধারণ করার সময় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক মো. আকাশ মাহমুদ (২৫) দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার এবং অনলাইন পোর্টাল এনপিবির জেলা প্রতিনিধি।

এ ঘটনায় আকাশ মাহমুদ ছাড়াও সাগর শিকদার নামে এক কলেজশিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন। আহত সাংবাদিক আকাশ মাহমুদ ও শিক্ষার্থী সাগর শিকদারকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার বিবরণ দিয়ে আহত সাংবাদিক আকাশ মাহমুদ বলেন, ‘গত বৃহস্পতিবার অটোরিকশাচালকেরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এর জের ধরে শনিবার বিকেলে ছাত্র প্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে যান। কথা কাটাকাটির একপর্যায়ে চালকেরা সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এ সময় আমি মুঠোফোনে ঘটনাটি ভিডিও করতে গেলে তাঁরা আমার ওপর চড়াও হন। ফোন থেকে ভিডিও মুছে ফেলার পর তাঁরা আবারও আমাকে আক্রমণ করেন। পরবর্তীতে দৌড়ে কোনোমতে প্রাণ রক্ষা করি।’

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার নাদুরিয়া ঘাটে এক নারী যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে এক অটোরিকশাচালকের কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার বিকেলে কলেজশিক্ষার্থীরা মৈশালা বাসস্ট্যান্ডে এসে অটোরিকশা থেকে যাত্রী নামিয়ে দিয়ে চলাচল বন্ধ করে দেন। এ নিয়ে চালকদের সঙ্গে উত্তেজনার একপর্যায়ে মারামারি বেঁধে যায়। সে সময় উপস্থিত এক সাংবাদিক ভিডিও/ছবি তুলতে গেলে তাঁর ওপরও হামলার ঘটনা ঘটে।

ওসি আরও জানান, নারী যাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে সংশ্লিষ্ট অটোরিকশাচালককে আটক করে থানায় আনা হয়েছে। তবে সাংবাদিকের ওপর হামলার বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।