বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ জানিয়ে গোলাম পরওয়ার বললেন, মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গতকাল শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, "রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রোস্টেশনের নিচে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক বা বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক। সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে।"
গত শুক্রবার সন্ধ্যার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়কে ছাতার ভেতরে রাখা একটি বোমা দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে এক পথচারী আহত হন।
ঘটনার নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, "এ ধরনের হীন ও দেশবিরোধী কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া।"
দেশের শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো দেশবিরোধী চক্রান্ত প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব সময় সজাগ ও তৎপর থাকার আহ্বান জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। তিনি মেট্রোস্টেশনসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার জোর দাবি জানান।
বিবৃতিতে বোমা নিষ্ক্রিয়করণের সময় আহত পথচারীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁর সুষ্ঠু ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এ ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করতে হবে। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ জাতীয় নাশকতা চালানোর সাহস না পায়।
পরিশেষে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের জীবন-সম্পদের সুরক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো উসকানি ও নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।